লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, হাসপাতালে মৃত্যু
মঙ্গলবার স্থানীয় জোরগাছ বাজার থেকে টিসিবির পণ্য কিনে বাড়ি ফিরছিলেন তাইজুদ্দিন; এ সময় তার পথরোধ করে অতর্কিত হামলা চালায় করিম মিয়া ও তার লোকজন।
লালমনিরহাটের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির।
নিহত ব্যক্তির নাম তাইজুদ্দিন (৪০)। তিনি উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরে নিজ গ্রামেই পথরোধ করে তাইজুদ্দিনকে মারপিট করা হয়। এসময় আহত হন একই গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে আইয়ুব আলী, খোকার ছেলে আমজাদ আলী ও জাফর আলীর ছেলে কামরুল ইসলাম।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পূর্ব দুহুলী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে তাইজুদ্দিন ও রেয়াজুলের সঙ্গে একই গ্রামের মৃত নজর আলীর ছেলে করিম মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে ছিল। বিষয়টি নিয়ে একাধিক মামলাও বিচারাধীন।
মঙ্গলবার দুপুরে স্থানীয় জোরগাছ বাজার থেকে টিসিবির পণ্য কিনে বাড়ি ফিরছিলেন তাইজুদ্দিন। এ সময় তার পথরোধ করে দেশি অস্ত্র, লাঠি ইত্যাদি দিয়ে অতর্কিত হামলা চালায় করিম মিয়া ও তার লোকজন। স্থানীয় পথচারী আইয়ুব আলী, আমজাদ, কামরুল তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে জখম করা হয়। এতে চারজন গুরুতর আহত হন।
খবর পেয়ে তাইজুদ্দিনের পরিবারের লোকজন ও গ্রামবাসী ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত চারজনকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাইজুদ্দিনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত তাইজুদ্দিনের ভাই বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানিয়েছেন, হামলাকারীদের গ্রেপ্তারে দুটি মোবাইল টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
