পঞ্চগড়ে ব্যাংকে গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
পুলিশ কনস্টেবল ফিরোজ আহম্মেদ সোনালী ব্যাংকের ওই শাখার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
পঞ্চগড়ে শহরের একটি ব্যাংকে গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।
বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংকের পঞ্চগড় শাখায় এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম।
পুলিশ কনস্টেবল ফিরোজ আহম্মেদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি সোনালী ব্যাংকের ওই শাখার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে ব্যাংকের ভেতর গার্ডরুমে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ফিরোজ আহম্মেদ। আকস্মিক বিকট শুনে তারা ভেতরে গিয়ে দেখেন ফিরোজ গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের চিকিৎসক আমির হোসেন বলেন, “গভীর রাতে গুলিবিদ্ধ ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলির ক্ষত ছিল। শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছিল। পুরো পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ”
অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম বলেন, “নিজের কাছে থাকা রাইফেল দিয়ে গুলি করে ফিরোজ আহম্মেদ আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রাথমিকভাবে ধারণা।”
তার লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, “পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ”
মৃত পুলিশ সদস্যের পরিবারকে ঘটনা জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
