মাদারীপুর-২ এ বিএনপির জেরিনের মনোনয়ন দাবিতে মহাসড়ক অবরোধ
এ সময় শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কের একটি লেনের যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে বলে জানান ওসি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে (রাজৈর উপজেলা ও সদরের একাংশ) বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।
বুধবার বিকালে শহরের শকুনী লেকের স্বাধীনতা অঙ্গন থেকে ইটেরপুল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই সমাবেশ করে নেতাকর্মীরা।
এ সময় সড়কের একটি লেনের যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ হয়ে পড়ে। পরে সমাবেশ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান সদর থানার ওসি আদিল হোসেন।
সমাবেশে বক্তারা অতি দ্রুত মাদারীপুর-২ আসনে বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা বিএনপির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুল ইসলাম খান, সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার ও সাধারণ সম্পাদক মুনমুন আহমেদ।
এ বিষয়ে হেলেন জেরিন খান মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সদর ও রাজৈরসহ মাদারীপুরের বিএনপির নেতাকর্মীদের পাশে আমি ছিলাম, আছি, সামনেও থাকব। আমি আশাবাদী, দল আমাকে সুযোগ দিবে। মাদারীপুর-২ আসনে ধানের শীষের ঝাণ্ডা দল আমার হাতেই তুলে দেবে।”
সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সে সময় মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুদ্দিন মোল্লা এবং মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদারের নাম ঘোষণা করা হলেও মাদারীপুর-২ আসনটি ফাঁকা রাখা হয়।
তবে বিক্ষোভ-অবরোধের পর মঙ্গলবার মাদারীপুর-১ আসনে কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিত করে বিএনপি।
আরও পড়ুন
