১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মনোনয়ন না পেয়ে মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ

বিএনপির মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকীর কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মনোনয়ন না পেয়ে মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ
মাদারীপুর-১ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়া শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূরুদ্দিন মোল্লার মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 11:52 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

মাদারীপুর-১ আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবেরোধ করে বিক্ষোভ করেছেন এক বিএনপি নেতার কর্মী-সমর্থকরা।

এ সময় সড়কে অগ্নিসংযোগ করেন তারা। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকায় একদল লোক সড়ক অবেরোধ করেন বলে জানান শিবচর হাইওয়ে থানার ওসি জহরুল ইসলাম।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসন (শিবচর উপজেলা) থেকে পাঁচজন প্রার্থী বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের মধ্যে মাদারীপুর-১ আসন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। 

নাম ঘোষণার পরপর মনোনয়ন বঞ্চিত মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভুল চৌধুরীর কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা টায়ারে অগ্নিসংযোগ করে কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের দাবি জানান। 

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা ও শিবচর থানা-পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন বলে জানান ওসি জহরুল ইসলাম।

মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে মাদারীপুর-২ আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। 

এ ছাড়া মাদারীপুর-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার।

আরও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাখালেদা তিন আসনেতারেক একটিতে