Published : 05 Nov 2025, 04:57 PM
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তার নেতাকর্মী ও সমর্থকরা।
বুধবার বেলা ১২টায় শিবচর উপজেলা সদরের ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং শ্লোগান দেন তারা।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান নেতাকর্মীরা।
অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে ঢাকা-খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান বলেন, “আমরা তারেক রহমানের কাছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি দাবি করছি, খুব দ্রুত সময়ের মধ্যে যেন কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করেন।”
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপির সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিবচর উপজেলার ৭১ সড়কের মোড়ে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বিশাল রূপ নেয়।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ‘কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না’, ‘অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই, গণতন্ত্র মুক্তি পাক, কামাল মোল্লার মনোনয়ন সঠিক থাক’- এমন বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভ সমাবেশে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান মোল্লা ও পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।
বিক্ষোভের বিষয়ে কামাল জামান মোল্লা বলেন, ‘পুরো শিবচর উপজেলার জনগণ ও নেতাকর্মীরা আমার সঙ্গে আছে। আমি আশা করছি, দল আমার মনোনয়ন পুনর্বহাল করবে।”