Published : 31 May 2026, 04:22 PM
রংপুরের পীরগাছা উপজেলায় রেললাইনের পাশে এক অজ্ঞাত যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ‘মৃত্যুর জন্য নিজেই দায়ী’ বলে লেখা রয়েছে।
রোববার সকালে উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেটের মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পীরগাছা থানার ওসি মুহিবুল ইসলাম মুন জানিয়েছেন।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সকালে পীরগাছার উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেটের মধ্যেবর্তী স্থানে ট্রেনের নিচে মাথা দিয়ে ওই যুবকের আত্মহত্যা করে।
“তার মাথা বিচ্ছিন্ন মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়, সেখানে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন’। হাতে মেহেদি দিয়ে লেখা হোসাইন।”
নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।