২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, আট ড্রেজারসহ আটক ১৬

চাঁদপুরে আটকদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 12:34 AM

Updated : 26 Aug 2026, 11:02 AM

চাঁদপুর সদরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী আটটি ড্রেজার জব্দসহ ১৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। 

সোমবার দিনভর অভিযান শেষে সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয় বলে জানান চাঁদপুর নৌ পুলিশের ওসি ইকবাল হোসেন।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আল ইমরান খানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় নৌ-পুলিশ সদস্যরা।

ওসি ইকবাল হোসেন জানান, গোপন খবর পেয়ে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা আটটি ড্রেজার জব্দ করা হয়। এ ছাড়া আটক করা হয় ১৬ জনকে।

তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে নদী তীরবর্তী এলাকায় ভাঙন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। 

জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও বালু নৌ পুলিশের হেফাজতে আছে। আটকদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলার পাশাপাশি তদন্ত সাপেক্ষে ড্রেজার মালিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী হাকিম আল ইমরান খান।