২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

আতু মিয়াকে নিয়ে রংপুর নগরীতে আনন্দ মিছিল বের করেন আর্জেন্টিনার সমর্থকরা।

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

দুধ দিয়ে গোসল করছেন আতু মিয়া।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 04:31 PM

Updated : 18 Dec 2022, 04:31 PM

আর্জেন্টিনার লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগদান করেছেন।

রোববার দুপুরে রংপুর নগরীর লালবাগ এলাকায় রেলগেটে এ ঘটনা ঘটে।

ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দেওয়া এই সমর্থকের নাম আতু মিয়া। ৫৫ বছরের আতু মিয়া নগরীর লালবাগ এলাকার বাসিন্দা।

আতু মিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন। দীর্ঘদিন ধরে ব্রাজিলের খেলোয়াড় নেইমারের অভিনয়ে বিরক্ত হয়ে দলটির প্রতি আস্থা হারিয়ে ফেলেন। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হন।

সেই অনুভূতি থেকে ব্রাজিল সমর্থক থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দেন। রোববার দুপুরে তিনি এলাকাবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে ফেলে আর্জেন্টিনার জার্সি পরেন।

এ সময় আর্জেন্টাইন সমর্থক দলে যোগ দেওয়া আতুকে বুকে জড়িয়ে কুশল বিনিময় করেন অন্য সমর্থকরা।পরে তারা আতু মিয়াকে নিয়ে আনন্দ মিছিলও করেন আর্জেন্টিনার সমর্থকরা।