২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-৪: রঙিন পোস্টার-ব্যানার, বিএনপি-জামায়াতের ২ কর্মীকে জরিমানা

জামায়াত প্রার্থীর কর্মীকে দুই হাজার এবং বিএনপি প্রার্থীর কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 05:22 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষে রঙিন পোস্টার ও ব্যানার লাগানোয় তাদের দুই কর্মীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে জানা গেছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-৭ (খ) ভঙ্গের দায়ে জামায়াতে ইসলামীর হাটিকুমরুল ইউনিয়নের সেক্রেটারি মোজদার হোসেনকে দুই হাজার এবং একই অপরাধে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযানের সময় বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে অবৈধভাবে সাঁটানো রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিজিবি, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান এবং বিএনপির এম আকবর আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।