১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, চালক আটক

মধ্যরাতে নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কে পুলিশের পিকআপ দেখে একটি প্রাইভেট কার রাস্তার পাশে বাড়ির সামনে রেখে আরোহীরা পালিয়ে যান।

শেরপুরে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, চালক আটক
শেরপুরের নালিতাবাড়ী থানা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ২৯৭ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

ঘটনার সময় প্রাইভেট কারের আরোহীরা পালিয়ে গেলেও শনিবার বিকালে অভিযান চালিয়ে চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা।

আটক সাজ্জাদ হোসেন রকি (২৮) জামালপুর সদর উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের মুজিবুর রহমান বাচ্চুর ছেলে।

এর আগে শুক্রবার মধ্যরাতে নালিতাবাড়ী পৌর শহরের ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে ভারতীয় মদসহ প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, চোরাচালান রোধে রাতে নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশ। রাত সোয়া ১টার দিকে ঢাকা বাস টার্মিনালের দক্ষিণ পাশে ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ দেখে রাস্তার পাশে বাড়ির সামনে গাড়িটি রেখে আরোহীরা পালিয়ে যান।

পরে প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে পেছনের আসন ও বেক ডালায় রাখা ১১টি বস্তা থেকে ভারতীয় ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরিয়াল ব্লু, ম্যাগডুয়েলস ও রয়েল স্ট্যাগ মদ পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি সোহেল রানা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার বিকালে ওই প্রাইভেট কারের চালক রকিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।