পিরোজপুরে বিয়ের বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩০
বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়েপক্ষের লোকজন বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
পিরোজপুর সদর উপজেলায় বিয়ের বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ৩০ জন।
শুক্রবার বিকালে উপজেলার ব্রাহ্মণকাঠীতে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।
নিহত আব্দুল হান্নান হাওলাদার (৫৫) সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়েপক্ষের লোকজন তাদের বাড়ি সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চুঙ্গাপাশায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসটি সড়কে উল্টে যায়। আর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যান এবং বাসে থাকা অন্তত ৩০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠায়।
পিরোজপুর জেলা সিভিল সার্জন মতিউর রহমান বলেন, “২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে মৃত অবস্থায় পেয়েছি।”
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
