২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুক নদীতে একদিনের জন্য মাছ শিকারের সুখ

সারা বছর এখানে কাউকে মাছ ধরতে দেওয়া হয় না।

সুক নদীতে একদিনের জন্য মাছ শিকারের সুখ

ঠাকুরগাঁওয়ের সুক নদীর বুড়িরবাঁধ এলাকায় মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন সৌখিন মৎস্য শিকারিরা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 04:35 PM

Updated : 19 Oct 2022, 04:35 PM

ঠাকুরগাঁওয়ের সুক নদীর বুড়িরবাঁধ এলাকায় মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন সৌখিন মৎস্য শিকারিরা। একে কেন্দ্র করে বছরের এই একটি দিনে দূর-দূরান্ত থেকে আসা শিকারিদের মিলনমেলা বসে যায়।

বুধবার সকাল ৬টা থেকে সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি বুড়িরবাঁধে মাছ শিকারে নামেন শত শত শিকারি। কারও হাতে পলো, কারও হাতে চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল।

এ ছাড়া যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও মাছ ধরতে নেমে গেছেন কাঁদার মধ্যে। মাছ ধরার এ আয়োজনকে ঘিরে বুড়িরবাঁধ এলাকা উৎসবে রূপ নিয়েছে।   

স্থানীয়রা জানায়, ১৯৮০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য এলাকায় একটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর এ পোনাগুলোর দেখভাল করে আকচা ও চিলারং ইউনিয়ন পরিষদ।

আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, “সারা বছর এখানে কাউকে মাছ ধরতে দেওয়া হয় না। বর্ষাকালে পানি ধরে রাখার পর প্রত্যেক বছরের কার্তিক মাসের এই দিনে বুড়িরবাঁধে জমা রাখা পানি ছেড়ে দেওয়া হয় এবং গ্রামবাসীর জন্য মাছ ধরা উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন মানুষ উৎসবের আমেজে মাছ ধরেন।”

সরজমিনে দেখা যায়, মাছ ধরার জন্য গ্রাম ও শহর থেকে এসেছেন শত শত মানুষ। নারী, শিশু, বৃদ্ধরাও যে যার মতো সামিল হয়েছেন মাছ ধরার উৎসবে। মাছ ধরা দেখতে নদীর চারপাশে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।

দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে এখানে মাছ ধরতে এসেছেন অশেষ সরকার। সঙ্গে তার ছেলে নারায়ণ সরকারও আছে। দুজনে মিলে মাছ ধরছেন।

অশেষ সরকার বলেন, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনি ছয় কেজি মাছ ধরেছেন। মাছের মধ্যে রয়েছে বোয়াল, জাপানি রুই, তেলাপিয়া, ট্যাংরা, পুঁটি, শিং, কৈ, মাগুর, শোল ইত্যাদি।

মাছ ধরতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আসা নজরুল ইসলাম নুজু বলেন, গত বছরেও তিনি এখানে মাছ ধরতে এসেছিলেন, এবারও এসেছেন এলাকার চার বন্ধুকে নিয়ে। চাবিজাল দিয়ে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা প্রায় ২০ কেজি বিভিন্ন ধরনের মাছ ধরেছেন।

বুড়িরবাঁধ এলাকার বাসিন্দা রহিম শুভ বলেন, প্রতিবছর এই দিনে সুক নদীর উপর নির্মিত বুড়িরবাঁধে মাছ ধরার উৎসবে মেতে উঠেন শিশু থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষ।

“মাছ ধরা নিয়ে বুড়িরবাঁধ এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। মাছ পাওয়া যেমন হোক; মাছ ধরার আনন্দটা সবচেয়ে বেশি।”

বুড়িরবাঁধ এলাকায় মাছ কিনতে আসা ঠাকুরগাঁও শহরের ওয়াদুদ হোসেন বলেন, “বুড়িরবাঁধে মাছ ধরার কথা শোনার পর মোটরসাইকেল নিয়ে চলে এসেছি মাছ কিনতে। এখানে দুই কেজি পুঁটি মাছ কিনেছি ৩০০ টাকা দিয়ে। এখানে মাছ কেনার চেয়ে মাছ ধরার দৃশ্য দেখে মন ভরে যায়।”

মাছের পাইকার শহিদুল্লাহ হক বলেন, বুধবার ভোরে বুড়িরবাঁধ এলাকায় এসেছেন মাছ কেনার জন্য। এসেই বিভিন্ন জাতের মাছ কিনতে শুরু করেন। অনেক কম দামে মাছ কিনেছেন তিনি।

আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, “এভাবেই প্রত্যেক বছর বুড়িরবাঁধ এলাকায় মাছ ধরার উৎসবে মেতে উঠে সবাই। মাছ ধরাকে কেন্দ্র করে এখানে মেলা জমে যায়। শুধু গ্রাম নয়, ঠাকুরগাঁও শহরসহ বিভিন্ন জেলার অনেক মানুষ এখানে মাছ ধরার জন্য ভীড় করেন। পানিতে যখন জাল পড়তে থাকে, এ দৃশ্য দেখে মন ভরে যায়।”

ঠাকুরগাঁও সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, সুক নদীর বুড়িরবাঁধে ৫০ একর এলাকাজুড়ে থাকে মাছের এই অভয়াশ্রম। এ বছর বুড়িরবাঁধে আড়াই কেজি মাছের রেণু ছাড়া হয়। অর্থাৎ প্রায় নয় লাখ মাছের পোনা রেণু ছাড়া হয়। রুই, কাতল ও মিরকা জাতের মাছের রেণু অবমুক্ত করা হয়।

তিনি বলেন, “সারা বছর কাউকে এখানে মাছ ধরতে দেওয়া হয় না। শুধু পানি ছেড়ে দেওয়ার পর একদিন মাছ ধরার অনুমতি দেওয়া হয়।”