২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ঘরের মেঝেতে দিনমজুরের লাশ, স্ত্রী পলাতক

স্ত্রীকে না জানিয়ে গাভী বিক্রি করে দিয়েছিলেন দিনজমুর স্বামী

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2022, 04:32 PM

Updated : 30 Jul 2022, 04:32 PM

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ঘরের মেঝে থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উপজেলার উত্তর মিঠাখালী গ্রাম থেকে আবু সালেহ ফরাজী (৫০) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় জানান মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল।

আবু সালেহ ওই গ্রামের মৃত বারেক ফরাজীর ছেলে। এ ঘটনার পর থেকে আবু সালেহের স্ত্রী কোকিলা বেগম (৩৫) পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।

প্রতিবেশীরা জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পাঁচ বছর আগে আবু সালেহ ফরাজী একই গ্রামের আলো ফরাজীর মেয়ে কোকিলা বেগমকে বিয়ে করেন। এ দম্পতি নিঃসন্তান ছিলেন।

সম্প্রতি দাম্পত্য কলহের জের ধরে কোকিলা বাবার বাড়ি চলে যায়। শুক্রবার সেখান থেকে কোকিলাকে নিজ বাড়িতে নিয়ে আসেন আবু সালেহ। কোকিলা বাড়িতে ফিরে দেখেন স্থানীয় এনজিও থেকে পাওয়া একটি গাভী তাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন আবু সালেহ। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

পরে শনিবার সকালে প্রতিবেশিরা ওই দিনমজুরের মৃতদেহ ঘরে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, “ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতের কোনো একসময় এই হত্যাকাণ্ড ঘটেছে।

“লাশের গায়ে কাদা মাখা রয়েছে। পলাতক নারীকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে,” বলেন ওসি।