২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমারী স্থলবন্দরের ১৮ কর্মকর্তার ১৬ জনকেই একসঙ্গে বদলি

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের ভাষ্য, বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী অবৈধ লেনদেনে জড়িত থাকায় তাদের একযোগে বদলি করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের ১৮ কর্মকর্তার ১৬ জনকেই একসঙ্গে বদলি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 12:07 AM

Updated : 31 Aug 2022, 12:07 AM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের ১৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৬ জনকেই একসঙ্গে বদলি করা হয়েছে।

বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন গত রোববার বদলির আদেশের চিঠি পেয়েছেন বল জানান।

রুহুল আমীন বলেন, “বুড়িমারী স্থলবন্দরে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আমিসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। দুর্নীতির বিষয়টা জানি না। এখানে দুর্নীতির কিছুই নাই।”

“বিভিন্ন ধরনের বেনামি চিঠি-পত্র অনেকে অনেকভাবে দেয়। এখানকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আছে। একে অপরকে কাদা ছোড়াছুড়ির ঘটনায় এ রকম হয়েছে,” বলেন এই কর্মকর্তা।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তা এটিকে সরকারি চাকরির নিয়ম মাফিক প্রক্রিয়া বললেও অনেকের ভাষ্য, বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী অবৈধ লেনদেনে জড়িত থাকায় তাদের একযোগে প্রত্যাহার করে দেশের বিভিন্ন স্থলবন্দরে পাঠানো হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ঢাকার আগারগাঁও কার্যালয়ের পরিচালক (প্রশাসন) বিভাগের ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত একটি বদলীর আদেশের চিঠি গত ২৫ অগাস্ট জারি করা হয়।

চিঠিতে বুড়িমারী স্থলবন্দর থেকে বদলি করে সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমীন, ট্রাফিক পরিদর্শক জাহীদুর রহমান, হিসাবরক্ষক আদনান খালিদ বসুনিয়া ও ক্যাশিয়ার ভ্রমর কুমার সরকারকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ৩১ অগাস্টের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।

ট্রাফিক পরিদর্শক পদের সালাউদ্দিনকে ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে, শাহিন মাহমুদ ও আমিনুল হককে ময়মনসিংহের গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরে বদলি করা হয়েছে।

ওয়্যার হাউজ সুপারিনটেনডেন্ট মানিকুর রহমানকে ফেনীর বিলোনিয়া, মাছুদ রানাকে দিনাজপুরের হিলি, ফিদা হাসানকে পঞ্চগড়ের বাংলাবান্ধা, এস এম মাসুম বিল্লাহকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর এবং মিনহাজ উদ্দিন, হারুন অর রশিদ, আবুল বাসারকে যশোরের বেনাপোল স্থলবন্দরে বদলি করা হয়েছে।

এছাড়া কম্পিউটার অপারেটর হাসমত উল্লাহকে যশোরের বেনাপোল স্থলবন্দরে এবং অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সেলিম রেজাকে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে আগামী ৩১ অগাস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

একই তারিখে উল্লেখিত স্থলবন্দরগুলো থেকে পদায়ন করা ১১ কর্মকর্তা/কর্মচারীকে বুড়িমারী স্থলবন্দরে যোগ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের কর্মকর্তা/কর্মচারীদের নানা অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির একটি লিখিত অভিযোগ এ বছর দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান।