ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গ্যারেজ মিস্ত্রির
মোটরে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ফেনীর দাগনভূঞা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মোহরবাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান।
নিহত মেহেদী হাসান মিঠু (২২) গ্রামের মোহাম্মদ সোহাগের ছেলে। তিনি পেশায় একজন মোটর গ্যারেজ মিস্ত্রি ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিঠু কক্সবাজারের একটি গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। দুদিন আগে ছুটি নিয়ে বাড়ি আসেন। দুপুরে বাড়ির পাশের পুকুরে সেচ দিয়ে মাছ ধরার উদ্যোগ নেন তিনি। সেজন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
