মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনে ‘বিলীন’ ভবন-ঘর-ফসলি জমি
ভাঙন রোধে শুক্রবার সকাল থেকে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার আকস্মিক ভাঙনে ভবনসহ ১১টি বাড়ি-ঘর এবং বেশ কিছু ফসলি জমি বিলীন হয়ে গেছে। এতে নদী তীরের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে; অনেকে ঘর-বাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
গত বৃহস্পতিবার রাতে ওই উপজেলার লৌহজং-তেওটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় নওপাড়া গ্রামে বসতবাড়ি পদ্মায় বিলীন হওয়ায় ১০ থেকে ১২টি পরিবার খোলা আকাশের নিচে দিন পার করছেন।
এ ছাড়া ভেঙেছে ভবন, ফসলি জমিও ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নদী ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলন এবং জনপদ ঘেঁষে বড় বড় নৌযান চলাচলকেও দায়ী করছেন ভুক্তভোগীরা।
নিজেদের বসতবাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে যাওয়ার কথা জানিয়েছেন- বড় নওপাড়া গ্রামের নীল কমল রাজবংশী, জীতেন রাজবংশী, সুধন্য রাজবংশী, স্বপন রাজবংশী, মিলন রাজবংশী, যোগেশ রাজবংশী, মানিক, লেলিন মাঝি, ইকবাল মৃধা ও রিদয় মৃধা।
লৌহজং-তেওটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম মোল্লা বলেন, “খবর পেয়ে নদী শাসন ও ভাঙন রোধে শুক্রবার সকাল থেকে পুরোদমে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।”
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, “নদীর গতিপথ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “পদ্মা ভাঙন রোধে ৪৪৬ কোটি টাকা ব্যয়ে ৯ পয়েন্ট স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। এর সঙ্গে আরও ৪ পয়েন্টে ৩২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”
রণেন্দ্র শংকর জানান, বর্তমানে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে ।৩২ কোটি টাকায় সাড়ে চার কিলোমিটার এলাকায় ২৫০ কেজি ওজনের প্রায় আট লাখ বালুর বস্তা ফেলা হচ্ছে।এরপর বালু ও সিমেন্ট মিশ্রিত আরও পৌনে দুই লাখ বস্তা ফেলা হবে পদ্মা সেতুর বাম তীরে।
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি জানান, ওই এলাকায় তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “আপদকালীন সময়ে আমরা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি।”
