গাজীপুরে ‘ছিনতাইকারীর রডের আঘাতে’ ফলব্যবসায়ী খুন
নিহতের ছোটভাই বলেন, “আমার ভাই শুক্রবার ভোর ৪টার দিকে টাকা নিয়ে ফল কিনতে যান। বিষয়টি হয়তো কোনোভাবে ছিনতাইকারী চক্র জানতে পারে।”
গাজীপুর মহানগরে ‘ছিনতাইকারীদের ধারাল রডের আঘাতে’ এক ফলব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নগরের হানকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগরের সদর থানার পরিদর্শক মহিউদ্দিন আহম্মেদ জানান।
৫০ বছর বয়সি নিহত মোমেন শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী গ্রামের ওসমন আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোমেন শেখ ভোরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার আড়ৎ থেকে ফল কিনে অটোরিকশায় বাড়ির দিকে যাচ্ছিলেন। হানকাটা ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে একটি পিকআপে ৪/৫ জন যুবক তাকে বহন করা অটোরিকশাটির পথরোধ করে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, টাকা চেয়ে না পেয়ে যুবকরা লোহার ধারাল রড দিয়ে মোমেনের বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছোটভাই সিরাজ মিয়া বলেন, “আমার ভাই গাজীপুর চৌরাস্তা থেকে ফল কিনে ভ্যানে করে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। শুক্রবার ভোর ৪টার দিকে টাকা নিয়ে ফল কিনতে যান। বিষয়টি হয়তো কোনোভাবে ছিনতাইকারী চক্র জানতে পেরেছিলেন।
“যদিও মারা যাওয়ার পর দেখতে পাই, ভাইয়ের কোমরে টাকা বাঁধা রয়েছে।”
গাজীপুর মহানগর পুলিশের পরিদর্শক মহিউদ্দিন আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
