২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্ত পরিবেশে চলছে আলোচিত চনপাড়ার সেই ইউপি সদস্য পদের ভোটগ্রহণ

ইউপি সদস্য পদটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন৷ তবে তাদের মধ্যে মাদক কারবারের সঙ্গে জড়িত লোকও প্রার্থী হয়েছেন বলে অভিযোগ আছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 10:52 AM

Updated : 12 Jun 2023, 10:52 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলোচিত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সোমবার সকাল আটটায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল চারটা পর্যন্ত৷

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের এ ওয়ার্ডটি পড়েছে মাদক ও অপরাধের 'স্বর্গরাজ্য' খ্যাত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ভেতর৷ এই ওয়ার্ডের সদস্য ছিলেন চনপাড়ার মাদক কারবারের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত বজলুর রহমান ওরফে বজলু মেম্বার৷ গত ৩১ মার্চ তার মৃত্যু হলে এ পদটি শূন্য ঘোষণা করা হয়৷

উপনির্বাচনে এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন৷ তবে তাদের মধ্যেও মাদক কারবারের সঙ্গে জড়িত লোক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে অভিযোগ আছে।

চনপাড়ায় ভোটকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে৷

পুলিশ বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে৷ পুলিশ-ব়্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে৷ টহল দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও৷

সকাল সাড়ে ৮টায় চনপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বীর প্রতীক গাজী কমিউনিটি সেন্টার কেন্দ্রে ভোটারদের সারি দেখা যায়৷ এ কেন্দ্রে কয়েকজন ভোটারের সঙ্গে কথা হয়৷

তারা জানান, অতীত বিবেচনায় নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা ছিল তাদের৷ শান্ত পরিবেশ দেখে তারা বরং অবাক হয়েছেন৷

নজরুল ইসলাম নামে এক ভোটার বলেন, “পরিবেশ শান্ত থাকবে এমনটা ভাবিনি৷ আমি এখানের ভোটার হলেও থাকি ডেমরাতে৷ খোঁজ নিয়া জানলাম, শান্তিপূর্ণ পরিবেশ আছে৷ তাই চার কিলোমিটার দূর থেইকা ভোট দিতে আসছি৷ পরিবেশ ভালো না থাকলে তো আসতামই না৷ আমরা ভোটের এমন শান্তিপূর্ণ পরিবেশই চাই৷”

পোশাক কারখানার শ্রমিক আলো বেগম সকালেই চলে এসেছেন কেন্দ্রে৷ ভোট দিয়ে যাবেন কারখানায়৷

তিনি বলেন, “চনপাড়ার রেকর্ড তো ভালা না৷ এইখানে আইতেও ডরাই, যাইতেও ডরাই৷ সেইখানে কোনো ঝামেলা নাই৷ এইটা দেইখাই ভোট দিতে আইছি৷ সবকিছু এমন থাকলেই ভাল৷”

প্রায় একই কথা বললেন অন্য ভোটাররাও৷

শান্তিপূর্ণ পরিবেশ পেয়ে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার প্রশংসাও করলেন অনেকে৷

চনপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে আছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম৷

তিনি বলেন, “দশটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে৷ পুলিশের ২৪৫ জন সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন৷ কেন্দ্রগুলোতে পুলিশের স্ট্রাইকিং টিম কাজ করছে৷ এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ব়্যাব ও বিজিবি সদস্যরাও টহলে রয়েছেন৷”

তরিকুল আরও বলেন, “আলোচিত চনপাড়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় কায়েতপাড়ার এ ওয়ার্ডটির নির্বাচনকে ঘিরে জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে৷ যেহেতু এটি একটি সেন্সেটিভ এলাকা তাই যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত আছে৷ কোনো ধরনের বিশৃঙ্খখল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না৷”

এ নির্বাচন পরিচালনার দায়িত্ব পাওয়া রিটার্নিং কর্মকর্তা তাজাল্লি ইসলাম জানান, ওয়ার্ডটিতে মোট ভোটার ২২ হাজার ৭ জন; কেন্দ্রের সংখ্যা ১০।