ফেনীতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা রিমান্ডে
পুলিশ জানায়, ওই যুবলীগ নেতা পলাতক ছিলেন। তিনি বাড়িতে অবস্থান করার খবরে র্যাব গিয়ে তাকে গ্রেপ্তার করে।
ফেনীতে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ভিডিও ধারণ ও চাঁদা দাবি মামলার আসামি এক যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।
র্যাব ৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার পূর্ব ধলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি হানিফ ওরফে রাজু (৩০) ধলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলার নথি থেকে জানা যায়, জয়নাল আবেদীন রুবেল নামের এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা পেতেন ওই এলাকার এক গৃহবধূর স্বামী। গত ২৫ মে সন্ধ্যায় পাওনা টাকা দেওয়ার কথা বলে গৃহবধূকে ফোনে ডেকে ধলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে আসেন রুবেল। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে জনৈক বাদশা নেতার বাড়ির সামনে একটি টিনশেড ঘরে নিয়ে যাওয়া হয়ে ওই গৃহবধূকে। সেখানে ৬-৭ জন দলবেঁধে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এ ঘটনার তিন দিন পর ওই গৃহবধূ বাদী হয়ে জয়নাল আবেদীন রুবেল, হানিফ ওরফে রাজু, জসিম ওরফে বাবুল, সোহেল ওরফে সোহাগসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জয়নাল আবেদীন রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
তবে যুবলীগ নেতা হানিফ পলাতক ছিলেন। তিনি বাড়িতে অবস্থান করার খবরে র্যাব গিয়ে তাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার হানিফ ওরফে রাজুকে শনিবার আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
