৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মেয়ের বিয়ের বাজার নিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার

মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 11:04 PM

Updated : 29 Sep 2026, 11:04 PM

শুক্রবার মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি, আনন্দ আর ব্যস্ততা। মঙ্গলবার বরপক্ষের লোকজন আসার কথা বাড়িতে। তাই বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হন বাবা লোকমান হোসেন (৫০)। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার।

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। মেয়ের বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের বাড়িতে।

মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর জেসন গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান জানান।

নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

একই ঘটনায় ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী দিরু মিয়াও নিহত হয়েছেন। তার বাড়ি নেত্রকোণা জেলায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে লোকমান হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালকের পাশের সিটে থাকা দিরু গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যান।

খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত লোকমান হোসেনকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালকের পাশের সিটে থাকা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।