নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আটক
স্থানীয়রা ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেনকে ধরে পুলিশে দিয়েছে।
নরসিংদীর মনোহরদী উপজেলায় ‘টাকার বিরোধে’ এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে।
রোববার রাত ৯টার দিকে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের নামা গোতাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মনোহরদী থানার পরিদর্শক ফরিদ উদ্দিন জানান।
নিহত আবুল কালাম আজাদ (৩৫) ওই এলাকার আবদুস ছাত্তারের ছেলে; তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।
এ ঘটনায় নিহতের বন্ধু বিল্লাল হোসেনকে (৩৮) আটক করে মনোহরদী থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।
একই ইউনিয়নের নামা গোতাশিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে বিল্লালও রংমিস্ত্রি এবং তারা একে অপরের বন্ধু ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর ধরে ওই দুইজন একসঙ্গে কাজ করতেন। সেই সুবাধে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। রোববার দুপুরে দাওয়াতের কথা বলে আবুল কালামকে বাড়িতে ডেকে নেন বিল্লাল হোসেন।
দুপুরে খাওয়ার পর তারা বিশ্রাম নেওয়ার জন্য পাশের ঈদগাহ মাঠসংলগ্ন একটি বাঁশঝাড়ে যান। সেখানে প্লাস্টিকের একটি পাটি বিছিয়ে তারা বসেছিলেন।
মনোহরদী থানার পরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, “বিকালের দিকে দুজনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে একটি ধারালো দা এনে আবুল কালামের গলায় কয়েকটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই কালামের মৃত্যু হয়।”
এ সময় বিল্লাল পালিয়ে না গিয়ে ঘটনাস্থলেই বসেছিলেন; পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন বলে পরিদর্শক ফরিদ বলেন।
ফরিদ আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রকৃত রহস্য জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।”
লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
নিহত আবুল কালামের মা মার্জিয়া বেগম বলেন, “কালাম ও বিল্লালের মধ্যে বন্ধুত্ব ছিল। বিল্লাল আমাকে মা বলে ডাকত। নিয়মিত আমাদের বাড়িতে আসা-যাওয়া করত। ঘটনার দিন তারা কাজে যায়নি। দুপুরে আমার ছেলেকে ফোনে ডেকে নেন বিল্লাল। বিকালে জানতে পারি, বিল্লাল আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।”
