তুরাগে নৌকা ডুবে নিখোঁজ অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার, ‘অতিরিক্ত’ যাত্রীর কারণে দুর্ঘটনা
সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রোজিনা।
ঢাকার সাভারের আশুলিয়ার তুরাগ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইদ্রিস হোসেন জানান, সোমবার দুপুরে আশুলিয়ার তৈয়বপুর এলাকা থেকে রোজিনা বেগম নামের ওই নারীর লাশ উদ্ধার করেন তারা।
এর আগে সকাল ৮টার দিকে তৈয়বপুরে নৌকা পারাপারের সময় প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রোজিনা।
রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী ২২ বছর বয়সী রোজিনা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইদ্রিস হোসেন বলেন, নৌকাটি তুরাগ নদীর তৈয়বপুর ঘাট থেকে জিরাব এলাকার দিকে যাচ্ছিল। নৌকাটি ডুবে একজনের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাদের ডুবুরি দল অভিযান চালিয়ে রোজিনার লাশ উদ্ধার করে।
ইদ্রিস বলেন, “নদীতে কোন ঢেউ বা স্রোত ছিলো না। নৌকার তুলনায় অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণেই নৌকাটি ডুবে যায়। ”
রোজিনার লাশ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
