২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ

হাওড়া নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 05:15 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে লোকালয় থেকে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ।

বৃহস্পতিবার রাত থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। ফলে নতুন করে আর কোনো গ্রাম প্লাবিত হয়নি। এ ছাড়া হাওড়া নদীর পানিও কমতে শুরু করেছে। তবে এখনও পানিবন্দি অবস্থায় আছেন পাঁচ হাজারের বেশি মানুষ।

বর্তমানে হাওড়া নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ২১ অগাস্ট আখাউড়া উপজেলার বঙ্গেচর, আব্দুল্লাহপুর, খলাপাড়া, বাউতলা, আড়িয়ল ও কালিকাপুরসহ প্রায় ৩৫টি গ্রাম প্লাবিত হয়। পরদিন পরিস্থিতির অবনতি হলে নতুন করে আরও অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়। 

এ ছাড়া পানির তোড়ে উপজেলার কর্নেল বাজার ও খলাপাড়া এলাকায় হাওড়া নদীর দুটি বাঁধ ভেঙে যায়। এতে বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে।

তবে বৃহস্পতিবার রাত থেকে ঢলের পানির বেগ কমায় এবং বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হতে থাকে। দুর্গত এলাকা থেকে নেমে যাচ্ছে পানি। তবে পানি পুরোপুরি না সরায় দুর্ভোগ কমেনি বাসিন্দাদের।

বুধবার মধ্যরাতে হাওড়া নদীর বাঁধ ভেঙে পানির তোড়ে বসতঘর ভেসে যায় উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া এলাকার বাসিন্দা নারগিস আক্তারের।

তিনি বলেন, “কোনো জিনিসপত্রই রক্ষা করতে পারি নাই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। পানিতে ঘরের জায়গার মাটি সরে যাওয়ায় নতুন করে এখন ঘরও বানাতে পারব না।”

একই এলাকার আরেক বাসিন্দা আঙ্গুরা বেগম জানান, রাত থেকে পানি কমতে শুরু করেছে। তবে রান্নাঘরে এখনও পানিতে আছে। ফলে রান্না করা যাচ্ছে না। তাই দোকান থেকে চিড়া-মুড়ি কিনে খাচ্ছেন তারা।

ষাটোর্ধ্ব আবুল কাশেম জানান, ঘর থেকে নেমে গেলেও বাড়ির উঠানে পানি জমে আছে। এতে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। শিশুদের নিয়ে দুশ্চিন্তা বেশি, কখন পানিতে পড়ে বিপদ ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মনজুর আহমেদ জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত হাওড়া নদীর পানি ৯ সেন্টিমিটার কমেছে। এতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান আছে। 

পানি কমে গেলে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করে যান চলাচলের জন্য প্রস্তুত করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন:

জলাবদ্ধতায় আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ, আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু