২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

বন্যার কারণে বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 01:52 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তঃসত্ত্বা এক নারীর। 

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আখাউড়া উপজেলায় নতুন করে আরও অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। সবমিলিয়ে প্রায় ৪০টি গ্রামের হাজারেরও বেশি পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর দিনযাপন করছেন। 

এছাড়া বন্যার কারণে বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, বুধবার দুপুরে উপজেলার বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।  

“ঘরে পানি ঢুকে পড়লে সুবর্ণা বের হতে গিয়ে পা পিছলে একটি গর্তে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”

আখাউড়া উপজেলার সাহেবনগর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, “ভারতের ঢলের পানি নেমে পুরো এলাকা পানির নিচে। রাতে পানি আরও বেড়েছে। ঘরেও ভালোভাবে থাকার অবস্থা নেই। তবুও কষ্ট করে পরিবারের সবাই অবস্থান করছেন। ”

শিশু ও বয়োজ্যেষ্ঠদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

একই এলাকার গৃহবধূ তাহমিনা বলেন, ঘরে পানি উঠায় দিনের বেলায় সড়কে অবস্থান করেন। আর রাতের বেলায় ঘরের ভেতরে মাচা বেধে থাকেন। 

দুর্ভোগের বর্ণনা করে তিনি বলেন,  বুধবার থেকে রান্নার চুলা পানির নিচে, বাইরে থেকে শুকনা খাবার কিনে এনে খাচ্ছেন। আবার পানির কারণে তার দিনমজুর স্বামী কাজেও যেতে পারছেন না। 

এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি বলেও জানান তিনি।

বুধবার সকালে তলিয়ে যায় আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। এতে করে চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নিসার উদ্দিন ভূইয়া বলেন, স্থলবন্দর পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানি পণ্যবোঝাই কোনো ট্রাক বন্দরে আসতে পারছে না। এর ফলে সাময়িক সময়ের জন্য বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে বন্যা দুর্গতদের জন্য উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয় ও দুইটি মাধ্যমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়। তবে ঘর-বাড়ি ফেলে অনেকেই আশ্রয়কেন্দ্রে আসতে চাইছেন না।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন,  বুধবার রাতে পানি আরও বাড়ায় নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। 

এছাড়া যারা ঝুঁকি নিয়ে এখনো বাড়িতে অবস্থান করছেন- তাদেরকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।