দিনাজপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, যুবক গ্রেপ্তার
সিসি ক্যামেরার সূত্র ধরে মেয়েটির স্বজনরা সাখাওয়াতকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দিনাজপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক এ এফ এম মনিরুজ্জামান মণ্ডল জানান, সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রোববার সকালে শহরের কালিতলা এলাকায় একটি স্কুলের পাশে এ ঘটনায় সন্ধ্যায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেন বলে পরিদর্শক মনিরুজ্জামান জানান।
গ্রেপ্তার সাখাওয়াত হোসেন (২০) শহরের বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।
তবে যুবকের স্বজনদের দাবি, সাখাওয়াত কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং তার চিকিৎসা চলছে।
মামলার নথির বরাত দিয়ে পুলিশ জানায়, ষষ্ঠ শ্রেণির ছাত্রীটি রোববার বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে আসে। পরে সেখান থেকে স্কুলের পাশেই তার চাচাতো বোনের বাড়ি যাচ্ছিল সে। এ সময় বাড়ির গেইটে পৌঁছতেই পেছন পেছন আসা ওই যুবক মেয়েটিকে জাপটে ধরে, নখের আঁচড়ে আহত করে।
এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। যুবকটি দৌড়ে পালিয়ে যান।
পরে সিসি ক্যামেরার সূত্র ধরে মেয়েটির স্বজনরা ঘটনার ঘণ্টা তিনেকের মধ্যে সাখাওয়াতকে আটক করে পুলিশে সোপর্দ করে।
