ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার সুহিলপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন।
নিহতরা হলেন- সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪) এবং একই ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৮)।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি আসলাম হোসেন বলেন, “খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জেলা শহরের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। এ ছাড়া আহত হয়েছেন আরও তিন যাত্রী।”
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; আর নিহতদের মৃতদেহ মর্গে রাখা আছে বলে জানান ওসি।
