লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে গুলি: হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা
দীর্ঘ ১০ বছর মামলা করতে পারেননি দাবি করে বাদী বললেন, আশা করি, এবার ন্যায় বিচার পাব।
দরজা ভেঙে বাসায় ঢুকে পায়ে গুলি করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনের নামে মামলার আবেদন করেছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আদালতে মামলার আবেদনটি করা হয় বলে বাদীর আইনজীবী আহমদ ফেরদৌস মানিক জানান।
মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিদের মধ্যে আছেন, মহিউদ্দিন খান আলমগীর, তারেক সিদ্দিকী, শহিদুল হক, জিয়াউল হাসান, হাসান মামুদ খন্দকার, সালাহ্ উদ্দিন টিপু, শিবলু, ইকরাম উদ্দিন, মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, কাজী মামুনুর রশিদ বাবলু, মাসুদুর রহমান, বায়েজিদ ভূঁইয়া, তানভির হায়দার।
নালিশিতে বলা হয়েছে, ২০১৩ সালের ১২ ডিসেম্বর সকালে বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবুর বাসায় সাদা পোশাকে হানা দেয় র্যাব-১১ এর একটি দল। তখন তারা দরজা ভেঙে বাসার ঢুকে সাবুর পায়ে গুলি করে।
গুলির বিষয়টি শহরজুড়ে ছড়িয়ে পড়লে যুবদল নেতা জুয়েলসহ বিপুল নেতাকর্মী সাবুরের বাসার দিকে মিছিল নিয়ে রওনা হন।
চকবাজার এলাকায় পৌঁছলে র্যাব সদস্যরা মিছিলেও গুলি চালান। যুবদল নেতা জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে র্যাব তাকে তুলে নিয়ে যায়।
দুইটি ঘটনা ছড়িয়ে পড়লে ওইদিন বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে র্যাব-১১ দিনব্যাপী সংঘর্ষ হয়। এক পর্যায়ে স্থানীয়রা সাদা পোশাকে থাকা র্যাবের দলটিকে ঘিরে ফেলেন।
পরে বিকালে ঢাকা থেকে হেলিকপ্টার এসে অবরুদ্ধ র্যাব সদস্যদের জেলা পুলিশ লাইন্স থেকে উদ্ধার করে।
মামলার এজাহারে আরও বলা হয়, সেদিন র্যাবের গুলিতে মাহবুব ও শিহাব নিহত হন। জুয়েল জীবিত না মৃত এর উত্তর খুঁজে বেড়াচ্ছে তার পরিবার।
মামলার বাদী বিএনপি নেতা সাবু বলেন, “অন্যায়ভাবে র্যাব সেদিন বাসায় ঢুকে আমার ওপর নির্যাতন এবং পায়ে গুলি করে। দীর্ঘ ১০টি বছর আমি মামলা করতে পারিনি। দেশ-বিদেশে আমি পালিয়ে বেড়ালাম। আমি আশা করি, এ মামলার ন্যায় বিচার পাব।”
আইনজীবী আহমদ ফেরদৌস মানিক বলেন, ওই আদালতের বিচার আবু সুফিয়ান নিজাম সদর মডেল থানার ওসিকে আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
