১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে মাদক ও কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ দেখাল শিক্ষার্থীরা

সেইসঙ্গে ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শপথ নিয়েছেন তারা।

মৌলভীবাজারে মাদক ও কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ দেখাল শিক্ষার্থীরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদক, বাল্যবিয়ে ও কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ প্রদর্শন করা হয়।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাদক ও কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ দেখিয়েছে একদল শিক্ষার্থী। সেইসঙ্গে ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শপথ নিয়েছেন তারা।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল-সবুজ উন্নয়ন সংঘের’ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। 

নিরাপদ ইন্টারনেট, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা শীর্ষক মতবিনিময় সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম সোহেল।

সোহেল বলেন, সংগঠনটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় সফরে রয়েছে। তারা সুনামগঞ্জ ও সিলেটের কার্যক্রম শেষ করে শ্রীমঙ্গল ও হবিগঞ্জে কর্মসূচি পালন করছেন। সংগঠনটির সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

তারা ১৪ বছর ধরে তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ ও সবুজায়নে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে আসছে। 

এ সময় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ থেকে দূরে রাখতে শপথ পাঠ করান সোহেল। পরে মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সংগঠনের দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরহাদ সরকার উপস্থিত ছিলেন।