২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে মাহিন্দ্রা-ট্রলি মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

এ ঘটনায় মাহিন্দ্রার আট যাত্রী আহত হয়েছেন।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 05:14 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাহিন্দ্রা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন মাহিন্দ্রার আরও আট যাত্রী।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি-খুলনা মহাসড়কে উপজেলার পিংড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল খালেক। 

নিহতদের মধ্যে একজন মেহেন্দীগঞ্জ উপজেলার প্রয়াত মমিন ফকিরের ছেলে মো. আলতাফ হোসেন ফকির। তিনি কাঁঠালিয়া উপজেলায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। অপরজনের নাম-পরিচয় যাওয়া যায়নি। 

এ ছাড়া আহত মো. ফাহিম, মো. তাওহিদুল ইসলাম, মো. আসিফ, কনিকা, সালমা, তানজিলা, কুলসুম বেগম এবং সাগরী আক্তার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

ফায়ার সার্ভিসের আব্দুল খালেক জানান, বরিশাল থেকে ১০ জন যাত্রী নিয়ে এক মাহিন্দ্রা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় যাচ্ছিল। পথে রাজাপুর থেকে ছেড়া আসা একটি টলির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হন।

স্থানীয়রা আহত আট যাত্রীকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে জানান তিনি।

তিনি বলেন, এ ঘটনায় খুলনা-বরিশাল সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যান চলাচল স্বাভাবিক করেন।