ফেনী সীমান্তে নাইজেরিয়ার নাগরিক গ্রেপ্তার
বিজিবি জানায়, তাদের মধ্যে একজনকে আটক করা হয়। বাকিরা আবার ভারতে চলে যান।
ফেনীর পরশুরাম উপজেলা সীমান্তে অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি।
রোববার ভোরে উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান।
আটক ব্যক্তির নাম গিলভার্ট এপে। তিনি নাইজেরিয়ার অনিশা আনাম্বারা প্রদেশের বাসিন্দা। তার বাবার নাম এমিকা এবং মায়ের নাম নিকিরো।
বিজিবি জানায়, বেশ কয়েকজন নাইজেরিয়ার নাগরিক ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে আটক করা হয়। বাকিরা আবার ভারতে চলে যান। আটক ব্যক্তির কাছ থেকে একটি পাসসপোর্ট, ওষুধ, ঘড়ি ও পোশাক জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি জানায়, গিলভার্ট এপে চলতি বছরের ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে ভারতের নয়া দিল্লিতে আসেন। তারপর দালালের মাধ্যমে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালান। কয়েকবার তারা ব্যর্থ হন। পরে নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, নাইজেরিয়ার নাগরিকের ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, নাইজেরিয়ার নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে বিজিবি মামলা করেছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
