সিলেটে হাত-পা, মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার
“মূলত ফোন ছিনতাইকে কেন্দ্র করে আশরাফুল গংরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’’
সিলেটের বিয়ানীবাজারে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ফোন ছিনতাইয়ের জেরে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
বুধবার সকাল ৭টার দিকে শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি মাছের আড়ত থেকে তার হাত-পা ও মুখ বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান।
নিহত ২২ বছর বয়সী ইমন আহমদ উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত ইমনের নিজ গ্রামের আব্দুল করিম মনাইর ছেলে ২৩ বছর বয়সী আশরাফুলকে আটক করেছে পুলিশ।
ওসি ওমর ফারুক বলেন, গত ৭ তারিখ থেকে ইমন নিখোঁজ হয়। তার পরিবার পরদিন থানায় নিখোঁজ জিডি করে। তারপর থেকে ইমনকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করে। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘‘ইমন একটি আইফোন ব্যবহার করে কনটেন্ট বানাতেন। তাকে এলাকার সবাই ভালোবাসতো। নিহত ইমন সহজ-সরল প্রকৃতির ছিলো।
“আইফোনের প্রতি দুর্বলতা ছিল আশরাফুলের। মূলত ফোন ছিনতাইকে কেন্দ্র করে আশরাফুল গংরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’’
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ওসি ওমর ফারুক।
