২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ার জনসভায় শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকালেই জনসমুদ্রে পরিণত হয় জনসভায়স্থল।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 12:08 PM

Updated : 30 Dec 2023, 03:19 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নিজ আসন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত জনসভা মঞ্চে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা সোয়া ১১টায় জনসভা স্থলে আসেন বঙ্গবন্ধু কন্যা, সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনসভাস্থলে হাজির হতেই লাখ লাখ মানুষ স্লোগান আর করতালিতে তাকে স্বাগত জানান। মঞ্চে উঠে হাত উঁচু করে উপস্থিত জনতার প্রতি সাড়া দেন প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়ার এই জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা, ভোট চাইবেন নৌকায়।

টুঙ্গিপাড়ার পাশাপাশি একই দিনে কোটালীপাড়াও জনসভা হবে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকালেই জনসমুদ্রে পরিণত হয় জনসভাস্থল। নেতাকর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের একদিন পর ২০ ডিসেম্বর সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু করেন দলের সভাপতি শেখ হাসিনা।

বরাবরের মতই হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করে প্রচার শুরু করেন। এরপর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় যোগ দেন।

পরবর্তীতে ২৬ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জের জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর শুক্রবার যোগ দেন বরিশালে জনসভায়। সেখান থেকে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান। রাতে তিনি নিজ বাড়িতে অবস্থান করে শনিবার সকালে যোগ দেন টুঙ্গিপাড়ার জনসভায়।

টুঙ্গিপাড়ার সভা শেষে দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে।

টানা তিনবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তার সংখ্যাগরিষ্ঠতা পেলে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে তার। সেটি হলে সবমিলিয়ে তিনি পাঁচবারের মত প্রধানমন্ত্রী হবেন।

১৯৮১ সালে থেকে প্রায় ৪২ বছর ধরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।