Published : 11 Jul 2025, 06:56 PM
বগুড়ার ধুনট উপজেলায় দুই পুলিশকে পিটিয়ে ও কুপিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার আহত পুলিশ কর্মকর্তা এএসআই আশরাফুল ইসলাম তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান ধুনট থানার ওসি সাইদুল আলম।
আহত এএসআই আশরাফুল এবং কনেস্টবল আব্দুল খালেক ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গ্রেপ্তার শিউলী বেগম উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরী (ছোট দিয়ার) গ্রামের মৃত জহুরুল ইসলামের স্ত্রী।
মামলার অপর দুই আসামি হলেন- শিউলীর ছেলে অসীম (৩০) এবং অসীমের স্ত্রী সোহানা খাতুন (২৬)।
মামলার বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আসামি অসীমকে ধরতে যান দুই পুলিশ সদস্য। অসীমকে আটক করে হ্যান্ডকাপ পরানোর সময় তার মা শিউলী বেগম লাঠি নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
এরপর অসীমের স্ত্রী সোহানা খাতুন (২৬) ঘরের ভিতরে থাকা কাঁচি দিয়ে এএসআই আশারাফুলের হাতে কোপ দেন। তিনজন মিলে পুলিশ সদস্যদের উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে হ্যান্ডকাপ নিয়ে আসামি অসীম পালিয়ে যান।
পরে সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে শিউলী খাতুনকে গ্রেপ্তার করে এবং আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।