নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শাহীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে আসেন।
নরসিংদীর রায়পুরা উপজেলায় দায়ের কোপে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এ হত্যাকাণ্ড ঘটে বলে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান।
নিহত শাহীন মিয়া (৩২) উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানিটারি পণ্যের ব্যবসা করতেন।
আটক শামীম (৪০) একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, শাহীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় সেখানে অবস্থানরত শামীম কোনো ধরনের পূর্ব বিরোধ ছাড়াই তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
ওসি আদিল মাহমুদ বলেন, স্থানীয়রা বলছেন, শামীম একজন মাদকাসক্ত ও বিকারগ্রস্ত ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবৎ আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করে আসছেন। এর আগেও তিনি একাধিক ব্যক্তির ওপর হামলা চালিয়েছেন।
নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।
