১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ বাংলাদেশি কিশোর নিহত

ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি জানায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 08:51 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হওয়ার খবর জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে ৬০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। 

বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

নিহত ১৬ বছর বয়সী মারুফ আহমদ জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর বলেন, “মারুফসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারি বাগানে ঢোকে। পরে তাদের মধ‍্যে কোনো একটি বিষয় নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক বন্দুক দিয়ে মারুফকে একটি গুলি করে। এরপর সঙ্গে থাকা অন্যরা তাকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে।

“মারুফের স্বজনরা তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কর্নেল হাফিজুর রহমান বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন, “এ ঘটনা জানার ঘটনাস্থলে গিয়ে বিজিবি মিনাটিলা বিওপি ভারতীয় বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানায়।

“এ ছাড়া বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদ লিপি দেওয়ার পাশাপাশি ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন‍্য বলা হয়েছে।”