Published : 23 Jun 2026, 05:42 PM
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
হাটুরিয়া বাজারে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ জানিয়েছেন।
তবে রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপানে কোনো তথ্য দিতে পারেনি বিএনপির এ নেতা।
বিএনপির স্থানীয় নেতাকর্মী ও পুলিশ বলছে, সোমবার রাতে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল ম্যাচ দেখেন। খেলা শেষে তারা চলে গেলে ক্লাবের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় একদল ব্যক্তি। এ সময় তারা নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন কার্যালয়ের বাহিরে ফেলে দেয়।
বিষয়টি টের পেলে বাজারের পাহারাদাররা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা পানি দিয়ে আগুন নেভায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপির নেতাকর্মী ও থানায় জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিছু পুরাতন চেয়ার ও ফেস্টুনের কিছু অংশে পুড়ে গেছে।
গোসাইরহাট উপজেলা বিএনপি নেতা কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, “আমি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খবর পাই যে, নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা আগুন দিয়েছে ও ভাঙচুর চালিয়েছে।”
‘বিরোধী দলের’ লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা এ বিএনপি নেতার।
তিনি বলেন, “আমরা এ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। দল থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে গোসাইরহাট থানার ওসি বোরহান উদ্দিন বলেন, “নলমুড়ি ইউনিয়ন বিএনপি স্থানীয় একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করার খবর পেয়েছি।
“আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।”