Published : 21 Jan 2026, 04:00 PM
রাষ্ট্রক্ষমতার ভারসাম্যের জন্য গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রিজওয়ানা বলেছেন, “রাষ্ট্রক্ষমতার ভারসাম্যের জন্য গণভোটের ‘হ্যা’-তে ভোট দিন। এতে কোনো একক দল নির্বাচনে জয়ী হলেও সকল সিদ্ধান্ত নিতে পারবে না, দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
“হ্যাঁ-তে ভোট দিলে দেশে কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না, আর কখনো ভোট চুরি বা রাতের ভোট কেউ করতে পারবে না।”
বুধবার ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “এবারের ভোট শুধু নিজের অধিকার প্রতিষ্ঠার নয়, আগামীতে দেশ কিভাবে চলবে সেটি নির্ধারণ হবে এ নির্বাচনের মাধ্যমে।
“সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
জুলাই সনদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে।
“ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে ‘হ্যা’-‘না’ ভোট অনুষ্ঠিত হবে।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জসিমউদ্দিন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।