Published : 26 May 2026, 04:05 PM
গোলাপি আভার শরীরে নীল মখমলের আলখাল্লা জড়ানো, ছিটানো হচ্ছে ফুলের পাপড়ি, পেছনে উড়ছে রঙ্গীন ধোঁয়া, তার মধ্য দিয়ে লাল গালিচা ধরে ধীর পায়ে হেটে চলা- এমন ‘রাজকীয়’ আয়োজনের মধ্য দিয়েই নারায়ণগঞ্জ ছেড়েছে আলোচিত মহিষ ‘ডনাল্ড ট্রাম্প’।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচনা তৈরি করা ‘ডনাল্ড ট্রাম্প’কে কোরবানির জন্য সোমবার নিয়ে যাওয়া হয়েছে পুরান ঢাকায়। তার আগে তাকে এমন বিদায় দিয়েছে নারায়ণগঞ্জ শহরের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ কর্তৃপক্ষ।
দশমাস ধরে এ ফার্মেই লালিত-পালিত হয়েছে রাজশাহী সিটি হাট থেকে কেনা বিরল অ্যালবিনো প্রজাতির এ মহিষটি। চুলের ধরণ ও মুখের অবয়ব আমেরিকার প্রেসিডেন্টের মতো হওয়ায় মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডনাল্ড ট্রাম্প’।
পরে প্রাণীটির ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়ার পরে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
তবে তার আগেই কোরবানির জন্য প্রস্তুত করা এ পশুটি বুকিং দিয়ে রেখেছিলেন রাজধানীর পুরান ঢাকার জিঞ্জিরার এক বাসিন্দা।

ঈদ ঘনিয়ে আসায় সোমবার তিনি দাম পরিশোধ করে পশুটি নিয়ে যান বলে জানান রাবেয়া অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা।
তিনি বলেন, প্রতি কেজি ৫৫০ টাকা ধরে লাইভ ওয়েট পদ্ধতিতে ৭০০ কেজি ওজনের মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
আলোচিত এ পশুটিকে বিদায় দিতে মন ভারাক্রান্ত হলেও ‘কোরবানি তো ত্যাগের জন্যই’ মন্তব্য করে জিয়াউদ্দিন বলেন, “মহিষটির কারণে আমাদের নারায়ণগঞ্জ ভাইরাল হয়েছে এতে আমরা অনেক খুশি। বিষয়টিকে আমরা পজেটিভলি নিয়েছিলাম। মহিষটির কথা আমাদের মনে থাকবে।
যদিও এর আগে জিয়াউদ্দিন শনিবার এ প্রতিবেদককে জানিয়েছিলেন, পশুটি আর তাদের ফার্মে নেই। দু’দিন আগে ঢাকার ক্রেতা মোহাম্মদ সামির সেটি নিয়ে গেছেন।
কিন্তু সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিষটির রাজকীয় বিদায়ের ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বিদায়ের আগে পশুটিকে খামারে গোসল করানো হয়। পরে বিশেষ সাজসজ্জা ও গায়ে মখমলের পোশাক পরিয়ে লাল গালিচার উপর দিয়ে হাঁটিয়ে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে তোলা হয়। এ সময় রঙিন ধোয়াও উড়াতে দেখা যায়।

এ সময় খামারের কর্মচারী, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়।
এ বিষয়ে খামারের এক কর্মী বলেন, পশুটি দেশ-বিদেশে ‘ভাইরাল’ হওয়ার পর ফার্মটিতে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। শুধু নারায়ণগঞ্জ বা ঢাকা নয়, বরিশাল, কুমিল্লাসহ দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা এসেছেন। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।
মানুষের ভিড়ে তাদের কাজকর্মের ব্যাঘাত ঘটছিল বলে পশুটি ডেলিভারি হয়ে গেছে বলে মানুষজনকে মিথ্যা বলা হয়। মূলত সোমবার পশুটি নিয়ে যান ক্রেতা।
এদিকে ক্রেতা মোহাম্মদ সামির বলেন, মহিষটি পৌঁছার পর তার এলাকার মানুষজনও ‘ডনাল্ড ট্রাম্পকে’ একনজর দেখার জন্য ভিড় করছেন।