শতবর্ষী স্কুলে বাঁশ-কাঠ-কাগজের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধাঞ্জলি
চাকুয়া গ্রামের অভিভাবকরা বিদ্যালয়টিতে স্থায়ী শহিদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন।
সুনামগঞ্জের দুর্গম হাওর উপজেলা শাল্লায় শতবর্ষী চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও স্থায়ী শহীদ মিনার নেই। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে এবারও বাঁশ-কাঠ ও কাগজের তৈরি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ক্ষুদে শিক্ষার্থীরা।
নিজেদের হাতে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ করতে পেরে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। তবে অভিভাবক ও এলাকাবাসী, বিদ্যালয়টিতে স্থায়ী শহিদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান তালুকদার, পারমিতা সরকার, তৃণা দাস জানায়, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে তারা এই শহীদ মিনার বানিয়েছে।
তৃণা দাস বলে, “দুই-তিন দিন আমরা কাজ করেছি। শেষে আমাদের ভাষা শহীদদের স্মরণ করেছি।”
পারমিতা সরকার বলে, “আমরা মা-বাবার কাছ থেকে শুনেছি তারা ছোটবেলায় এভাবেই শ্রদ্ধা জানাতেন। তাদের মত আমরাও আমাদের ভাষা সংগ্রামীদের স্মরণ করেছি। কষ্ট হলেও ভালো লেগেছে।”
আরিয়ান তালুকদার বলে, “আমাদের স্কুলটি উপজেলার অনেক পুরনো। কিন্তু একটি শহীদ মিনার নেই। স্কুলের ভবনও ভাঙা। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের স্কুলে নতুন ভবন দরকার।”
চাকুয়া গ্রামের অভিভাবক সমর দাস বলেন, “একশ বছরের বেশি পুরনো এই বিদ্যালয়। একটি শহীদ মিনার নেই। এটা আমাদের জন্য লজ্জার। এই লজ্জা থেকে আজ ক্ষুদে শিক্ষার্থীরা আমাদের রক্ষা করেছে। তারা নিজেরা শহীদ মিনার তৈরি করে নিজেরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। বিদ্যালয়টিতে স্থায়ী শহীদ মিনার নির্মাণ জরুরি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার সিংহ বলেন, “শত বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ হাওরে শিক্ষা বিস্তারে কাজ করছে। শুধু শহীদ মিনারই নয়, স্কুলের ভবনটিও নড়বড়ে। সংস্কার দরকার।”
