২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ২ খুন ‘আত্মহত্যা করতে বাধা দেওয়ায়’: পুলিশ

এ ঘটনায় আহত এক নারী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 01:09 PM

Updated : 21 Sep 2026, 01:20 PM

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ‘আত্মহত্যা করতে বাধা দেওয়ায়’ মা ও দুই বছরের ভাতিজিকে হত্যা করা বলে দাবি করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার বড়শালঘর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনায় আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এ কথা বলেছেন দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান।

আটক ২৪ বছর বয়সি ইমন ওই এলাকার প্রয়াত ফরিদ মিয়ার ছেলে।

ওসি মনিরুজ্জামান বলেন, “ইমন আত্মহত্যা করতে চেয়েছিল। বাধা দেওয়ায় সে (ইমন) তার মা ও ভাবিকে আঘাত করেন। এক পর্যায়ে ভাতিজিকে ছুড়ে ফেলে দেয়।”

নিহতরা হলেন- ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬০) এবং পেয়ারা বেগমের ছেলে সুজনের মেয়ে ইশরাত (২)।

আহত রাবেয়া বেগমকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কোপান। এরপর তিনি তার ভাতিজি ইসরাতকে আছাড় দেন। এ সময় বাধা দিতে রাবেয়া বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দাদি ও নাতনিকে মৃত ঘোষণা করেন। সেখানে রাবেয়ার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পর আশপাশের লোকজন ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

এলাকাবাসী জানান, ইমন পেশায় একজন দিনমজুর। সম্প্রতি একটি দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। সোমবার সকালে তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হয়। এতে সে আত্মহত্যা করতে যায়। এ সময় তার মা ও ভাবি বাধা দেয়।

ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, ইমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পুরানো খবর:

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক