৭ জনের প্রাণহানির পর একই সড়কে ফের দুর্ঘটনা, দম্পতি নিহত
ভোরে সাত দিনমজুরের মৃত্যুর পর বিকালে বগুড়ার একই সড়কে আবারও দুর্ঘটনা ঘটেছে।
বগুড়া সদর উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই সড়কে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এবার প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় তাদের আট বছরের নাতি আহত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন- বগুড়া শহরের আটাপাড়া এলাকার ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৭)। আহত জুলকার নাঈন (৮) বাবুল হাসানের বড় ছেলে রেজাউল করিম রেজার ছেলে।
পুলিশ জানায়, বাবুল হাসান স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় দাওয়াতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়। আহত জেসমিন বিবি ও জুলকার নাঈনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবি মারা যান।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন মণ্ডল বলেন, মোটরসাইকেলটি রাস্তার একেবারে বাম পাশে ছিল। এরপরও বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
এদিন ভোরে একই সড়কের এরুলিয়া এলাকায় বাস দুর্ঘটনায় সাত দিনমজুর নিহত হন।
আরও পড়ুন:
