১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘হঠাৎ গায়ের উপর বাস হুড়মুড় করে পড়ল, দেখলাম রক্ত আর মানুষ পড়ে আছে’

বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বাস দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 07:08 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য বয়সের সাজু মিয়া এলাকার অন্য অনেক দিনমজুরের সঙ্গে বগুড়ায় এরুলিয়ায় এসেছিলেন আমন মৌসুমের শ্রমিক হিসেবে কাজ করতে। প্রতিবছরই তারা আসেন। বৃহস্পতিবার রাতে এরুলিয়ায় এসে একটি ঘরে রাত কাটিয়েছেন। এজন্য তাকে ২০ টাকা ভাড়াও দিতে হয়েছে। 

সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের বাসিন্দা সাজু মিয়া সকাল সকাল কাজের আশায় বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় রাস্তার পাশে বসেছিলেন। সঙ্গে আরও অনেকেই ছিলেন। এখান থেকে দরদাম করে দৈনিক চুক্তিতে তারা কৃষকের ক্ষেতে কাজ করতে যান। টানা সপ্তাহ দুয়েক কাজ পান তারা। টাকা-পয়সা জমিয়ে আবার গ্রামে ফিরে যান।    

তখন আলো ফুটেছে মাত্র; ভোর সাড়ে ৫টার মত হবে। ঠিক সেসময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাজু মিয়াদের উপর উঠে যায়। এরপর আর সাজু মিয়া কিছু বুঝে উঠতে পারেননি।  

সাজু মিয়া বলছিলেন, “আমরা কামলারা সব ভোরেত থেকে বসে আছি। কী বান হলো, আমরা কিছু বুঝেই উঠতে পারিনি। হঠাৎ গায়ের উপর বাস হুড়মুড় করে পড়ল। 

“এরপর দেখলাম আশপাশে রক্ত, মানুষ পড়ে আছে। পরে লোকজন আমাক ধরে গাড়িত করে হাসপাতালে নিয়ে আসল।”

এই দুর্ঘটনায় আহত ১৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজু মিয়া তাদের একজন। তিনি জরুরি বিভাগেরিএকটি বিছানায় শুয়ে কথা বলছিলেন। 

সাজু মিয়া বলছিলেন, হতাহতদের বেশিরভাগই কৃষি শ্রমিক ও দিনমজুর। নিহতদের মধ্যে দুজন বগুড়ার, বাকিরা গাইবান্ধা ও জয়পুরহাট থেকে এসেছিলেন।  

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জের এনায়েতপুর গ্রামের আবু সাইদ (৪৫), বইল্লাগ্রামের নুর আলম (৪৫), জয়পুরহাটের কালাইয়ের আনারুল (৫৫), পাঁচবিবির আমিরুল (৪০), দিনাজপুররের পার্বতীপুরের তাজিমুল (৪৫), বগুড়া সদরের ফাঁপোড়ের বেল্লাল হোসেন (৪৫) এবং কাহালুর নারহট্ট গ্রামের নুর মোহাম্মদ সরদার (৬৭)। 

যখন দুর্ঘটনাটি ঘটে তখন এরুলিয়া বন্দরের মুদি ব্যবসায়ী আব্দুর রহিম দোকানেই ছিলেন। প্রচণ্ড শব্দ শুনে বাইরে এসে তিনি দুর্ঘটনার বিষয়টি বুঝতে পারেন। 

আব্দুর রহিম বলছিলেন, “এখানে তো কামলার (দিনমজুর) বাজার বসে। এই রাস্তার দুই ধারে সব লোকজন বসে থাকে। যার যার দরকার, দরদাম করে কামলাদের নিয়ে যায়। আজ হঠাৎ বাসটি এসে আমার দোকানের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগায়। কিন্তু বাস না থেমে লোকজনের উপর দিয়ে চলতে শুরু করে। 

“ঘটনার পরপর বাসের চালক ও চালকের সহকারী (হেলপার) পালিয়ে গেছে। তারপর তো আমরা গিয়ে কয়েকজনকে তুলে হাসপাতালে পাঠাই।”   

নিহত আবু সাঈদের খালাতো ভাই সাকিবুর হাসপাতালের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে  বলছিলেন, “ভাই, কপালে লেখা ছিল। আমার আসার কথা আগামীকাল শনিবার। সাঈদ আর মামাতো বোনের স্বামী আমিরুল একদিন আগেই চলে আসে। এসেই তারা দুর্ঘটনায় পড়ে। দুজনেই মারা গেছে। এখন লাশের জন্য বসে আছি।” 

নিহত নুর মোহাম্মদ সরদারের ভাতিজা আল আমিন সরদার বলেন, “ভোরে বড় চাচা জমিতে ধান লাগানোর জন্য শ্রমিক নিতে এরুলিয়া এসেছিলেন। এরপর আমরা খবর পাই যে, বাসের চাপায় তিনি মারা গেছেন। সেই খবর পেয়ে আমরা হাসপাতালে আসছি। সুস্থ মানুষ বাড়ি থেকে বের হয়ে আসল, এখন তিনি আর নেই।”  

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে বগুড়া সদরের ফাঁপোড় এলাকার বেল্লাল হোসেনের মৃত্যু সম্পর্কে জানা গেছে। তারা বলেন, বেল্লাল নিজের মোটরসাইকেলে ছিলেন। তিনি হয়ত বাজারে শ্রমিক নিতে এসেছিলেন। শ্রমিককে নিয়ে মোটরসাইকেলে রাস্তার উপর এসেই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। কিছুক্ষণ পর স্বজনরা মরদেহ এসে তার মরদেহ নিয়ে বাড়ি চলে যান।  

দুর্ঘটনার খবর জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, পুলিশের সদস্যরা এরুলিয়া বন্দরে চলে আসেন। তারা মরদেহ উদ্ধার করেন। আহত কয়েকজনকে নিয়ে যান হাসপাতালে।  

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, নিহত সাতজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে দুজনের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। বাকি পাঁচজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানিয়েছে, আহতদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। এ ছাড় নিহতের পরিবারও পাঁচ লাখ টাকা করে পাবেন। সেটি প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর নিয়ম অনুযায়ী পাবেন তারা।  

ওসি ইব্রাহিম আলী বলেন, “দুর্ঘটনার পর বাসটিকে হেফাজতে নেওয়া হয়েছে। আর হতাহতদের পরিবারের কেউ যদি মামলা করেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত করবে।”

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু হতাহতদের খোঁজখবর নেওয়ার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এ সময় তিনি আহতদের চিকিৎসা সেবার খোঁজ নেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন:

বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত ১৪