Published : 21 Jul 2026, 02:20 PM
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত নারী কয়েদি পালানোর ঘটনায় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহারকে বদলি ও জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৬ জুলাই সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সাজাপ্রাপ্ত কয়েদি রিম্পা (২১) পালিয়ে যান। এ ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে কারা অধিদপ্তর।
কারা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে বলা হয়, কারাগারের সুপার কাওয়ালিন নাহার ও জেলার শিরিন আক্তার তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি। তদন্তে তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
ওই সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত সরকারি বিধি অনুযায়ী খোরাকি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আর কারাগারের সুপার কাওয়ালিন নাহারকে রাজশাহী বিভাগীয় কারা দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এদিকে কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদি রিম্পাকে ঘটনার দুদিন পর রোববার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেন, “রিম্পার পালিয়ে যাওয়ার ঘটনায় কারা অধিদপ্তর থেকে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে কারাগারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের গাফিলতির বিষয়গুলো চিহ্নিত করা হয়।
“এরই ধারাবাহিকতায় জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত এবং কারাগারের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”