‘এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা দেওয়ার জন্য নয়’
টাঙ্গাইলে এক সমাবেশে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
দেশের মানুষ শেখ হাসিনার মত ‘ফ্যাসিস্ট সরকারের’ পতন ঘটিয়েছে অন্য কোনো ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেছেন, “মরা এক ফ্যাসিস্টকে আমরা দেশছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। কেউ যদি এখনও শয়নে-স্বপনে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারো ছাত্র-জনতাকে প্রভাবিত করে ফ্যাসিস্ট হয়ে উঠবে- তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়।”
বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র-জনতা সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে রাস্তায় ঘোরাফেরা করে? ওই ফাসিস্ট আওয়ামী লীগের দোসর, চাটুকার, তেলবাজ তোষামোদকারী যেসব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা যদি নিজেদের শুধরিয়ে না নেয় তাহলে শেখ হাসিনার মতই দেশত্যাগ করতে হবে।”
“বাংলাদেশে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছেন তিনি তার আওয়ামী লীগকেই শুধু ফ্যাসিস্ট বানাননি। বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানাননি, তিনি ফ্যাসিস্ট বানিয়েছেন আমাদের প্রত্যেকটি মানুষকে। এই জায়গা থেকে আমাদের উত্তোরণ ঘটাতে হবে।”
এ সময় সরকারি অফিসের দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন সারজিস আলম। তিনি সাধারণ শিক্ষার্থীর প্রতি আগামী দিনের দেশ পরিচালনার জন্য যোগ্য হয়ে উঠার আহ্বান জানান।
শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “অভিভাবকরা স্বপ্ন দেখেন ছেলে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ম্যাজিস্ট্রেট হবে; তেমনি আপনি স্বপ্ন দেখবেন আপনার ছেলে যেন দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে ওঠে।”
সমাবেশে আরো বক্তব্য দেন সমন্বয়ক আব্দুল্ল্যাহ সালেহীন অয়ন, মোবাশ্বিরুজ্জামান হাসান, মিতু আক্তার, রাকিবুল হাসান, রফিকুল ইসলাম আইনী ও ইলমা খন্দকার এ্যানি।
