২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের সড়ক অবরোধ

সাকুরা বাসের প্রতিনিধি, পুলিশ ও শিক্ষকদের সঙ্গে সভা শেষে রাতে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 12:23 AM

Updated : 09 Nov 2022, 02:57 PM

দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার ঘণ্টা সড়ক অবরোধ করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন; টায়ার জ্বালিয়ে ৬ দফা দাবি বাস্তবায়নে শ্লোগান দেন।

পরে সাকুরা বাসের প্রতিনিধি, শিক্ষার্থী, পুলিশ ও শিক্ষকদের সভা শেষে রাত ১০টার দিকে তারা অবরোধ তুলে নেন।  

অবরোধ চলাকালে মঙ্গলবার সন্ধ্যা থেকে বরিশাল-ভোলা ও বরগুনা-পটুয়াখালী-বরিশাল-ঢাকা রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

গত রোববার ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে সাকুরা পরিবহনের একটি বাস গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ওই বাসে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল খলিল ইমন আহত হয়। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

এরপর ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। 

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: সাকুরা পরিবহন কর্তৃপক্ষের এক কোটি টাকা ক্ষতিরপূরণ দেওয়া, চিকিৎসার গাফিলতির কারণ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা, সাকুরা পরিবহনের রুট পারমিট সাময়িক বাতিল করা, প্রত্যেক যাত্রীবাহী বাস জিপিএস ট্র্যাকিংয়ে আওতায় এনে অতিরিক্ত গতির জন্য স্বংয়ক্রিয় জরিমানার ব্যবস্থা করা এবং স্পিড লক ব্যবস্থা কার্যকর করা।

সভা শেষে রাত ১০টায় অবরোধ প্রত্যাহার করা হয় বলে পুলিশ, শিক্ষক ও বাস মালিক সমিতির নেতারা জানিয়েছেন।

মিটিং থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি এ কে আরাফাত সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী সড়কে গায়েবী জানাজা নামাজ হবে। পরে সড়কের দুই পাশে ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করা হবে। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পুনরায় সড়ক অবরোধ করা হবে। এ সময় পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খোরশেদ আলম জানান, জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম জানান, সাকুরা বাস কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছে।

সাকুরা বাসের প্রতিনিধি জানিয়েছেন, ঘটনার পর দক্ষিণাঞ্চলে চলাচল করা তাদের ৬০টি বাস বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের সাথে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বাস চলবে না।

মহানগরের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভুইয়া জানিয়েছেন, সাকুরা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। বিষয়টি শিক্ষার্থীরা মেনে নিয়েছেন।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, দুর্ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বাস চালককে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের তাগিদ দেওয়া হয়েছে।

বরিশাল বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, চার ঘণ্টা দক্ষিণাঞ্চলের সাত রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক হয়েছে।