Published : 23 Aug 2026, 08:40 PM
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা মামলায় ‘সিফাত বাহিনী’র প্রধানসহ সাতজনকে ১০ দিন এবং চার নারীকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রোববার দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
১০ দিনের রিমান্ডে নেওয়া সাতজন হলেন- শেখ সিফাত (৩২), জুম্মন ওরফে হোয়াইট জুম্মন (২৯), সিয়াম (২৫), মাহবুব হোসেন ওরফে মাহাফুজ (৩২), রিয়াদ (৩৩), ইরফান (২৯) এবং সিজান ওরফে জিসান (২৬)।
তিন দিনের রিমান্ডে নেওয়া চার নারী হলেন মিনারা (৩৫), রুমা (৩৬), নাসিমা এবং ইয়াসমিন (৪০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলায় ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক জাহিদ আল আমিন ওরফে বুলবুল নিহত হন। পরে রাতভর অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ২৩ জুলাই বুলবুলের অটোরিকশার গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি ২০ অগাস্ট বন্দর থানায় মামলা করেন। ওই মামলায় শেখ সিফাত ও তার সহযোগীদের আসামি করা হয়।
মামলা করার পর থেকে বুলবুলকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেখ সিফাতের নেতৃত্বে কয়েকজন লোহার পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে মারধর ও কুপিয়ে আহত করেন বলে পুলিশের অভিযোগ। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পর দিন বন্দর থানায় হত্যা মামলা করা হয়।
পুলিশ জানায়, শেখ সিফাতের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে ১৪টি মামলা রয়েছে। জুম্মন ওরফে হোয়াইট জুম্মনের বিরুদ্ধে নয়টি এবং রিয়াদের বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শেখ সিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে তারা একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন।
নারায়ণগঞ্জে 'কিশোর গ্যাংয়ের' হামলায় ইসলামী যুব আন্দোলনের নেতা খুন
ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ
ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: নারায়ণগঞ্জে ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ