চলচ্চিত্র প্রযোজক সেলিম খান ও অভিনেতা ছেলেকে পিটিয়ে হত্যা
বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হয় তাদের গাড়িটি।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান চলচ্চিত্র প্রযোজক সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তারা।
সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পাশের বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হয় তাদের গাড়িটি। সেখানেই বিক্ষুব্ধ জনতা সেলিম খান ও তার ছেলে শান্ত খানকে পিটিয়ে হত্যা করে ফেলে রাখে।
আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ-সীমানায় পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়। এসব ঘটনায় তিনি জেল খাটেন। দুদকে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, “তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদেরকে কেউ খবর দেয়নি। আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যাইনি।”
