বাগেরহাটে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবার বলছে, ‘হত্যা’
শারীরিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
বাগেরহাটের সদর উপজেলায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
উপজেলার রণবিজয়পুর গ্রাম থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় বলে বাগেরহাট মডেল থানার ওসি মাহামুদ-উল-হাসান জানিয়েছেন।
মৃত ২৯ বছর বয়সী সাদিয়া আক্তার বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামের মোস্তফা শেখের মেয়ে। তিনি জেলা পুলিশ লাইন্সের সামনের একটি পুতুল তৈরির কারাখানার শ্রমিক ছিলেন।
নিহতের বড় বোন তানিয়া আক্তার বলেন, “আমার বোনের আগে বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর সঙ্গে ডির্ভোসের পর জেলা পুলিশ লাইন্সের সামনের একটি পুতুল তৈরির কারখানায় কাজ নেয় সে। সম্প্রতি শহরের গোবরদিয়া এলাকার পারভেজ নামে এক বাস চালককে সাদিয়া বিয়ে করে ভাড়া বাসায় বসবাস করছিল।
“মঙ্গলবার রাতে বোনের মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে যাই। বোন যে ঘরে থাকত সেই ঘরের খাটের ওপর তার লাশ পড়ে ছিল। তার গলায় ওড়না প্যাঁচানো এবং শরীরের বিভিন্ন স্থানে পোড়া চিহ্ন দেখতে পেয়েছি।”
তানিয়ার দাবি, তার বোনকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
প্রতিবেশীদের বরাতে তানিয়া বলেন, “গত শুক্রবার স্বামী পারভেজের সঙ্গে দিয়ার মনোমালিন্য হয়। এর জেরে পারেভজ বোনকে মারধরও করে। ওইদিনের পর থেকে স্বামী পারভেজকে দেখা যায়নি।”
তার স্বামী তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি বলেন, “কেন আমার বোনকে হত্যা করা হল, জড়িতদের বিচার চাই।”
ওসি মাহামুদ বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে সাদিয়া নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তার শরীরে পচন ধরেছে। অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
“সাদিয়াকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার স্বামী পারভেজকে পেলে হত্যার কারণ জানা যাবে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”
বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে সাদিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
