গাজীপুরে পুড়ল ৬০ ঘর, অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি
ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।
গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর পুড়ে গেছে। এতে ফ্রিজ, খাট ও আলমারীসহ বিভিন্ন আসবাব পুড়ে গিয়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া কেনাকাটা গলি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি বলেন, প্রথমে স্থানীয় আবুল হাসেমের মালিকানাধীন বাড়িতে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বেরুতে দেখে এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেয়। এর মধ্যেই আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের আশরাফুল সরকারের বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো কাজে লাগে। পরে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো হয়েছে।
ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
