১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে রেল স্টেশনের পাশে পড়ে ছিল যুবকের লাশ

পুলিশের ধারণা, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর রেল পুলিশের এসআই জ্যোতিষ চন্দ্র বর্মণ জানান, বুধবার সকালে বারবাজার এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২১ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে রেল পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই জ্যোতিষ চন্দ্র বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”